শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৫৮, ১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৩৯, ১ অক্টোবর ২০২৬
ক্লাইমেট রেসিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে পাঁচ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষনের ১ম ও ২য় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রায়হান কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
সভাপতি ইউএনও ফয়েজ উদ্দিন তার বক্তব্যে বলেন, জব সেক্টরে ক্রাইসিস আছে, সেটা পূরণে নতুন কর্মসংস্থান তৈরি করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। যেহেতু চাকরির সংকট রয়েছে তাই আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।
যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে শুধুমাত্র প্রশিক্ষন নিলেই হবে না এর পিছনে সময় ব্যয় করতে হবে। তাহলেই আপনি সফলতা পাবেন।
বক্তব্য শেষে প্রশিক্ষন প্রাপ্ত ৯০ জন শিক্ষার্থীর মাঝে সনদ প্রদান করা হয় এবং শীর্ষ পাঁচ জন শিক্ষার্থীকে প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা আইসিটি অফিসার শুভ্রা কুন্ডুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাঈল ভূইয়া, সদর উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাত, প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস ঝুনু প্রমুখ।