শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৭, ৩ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা।
পুলিশ সূত্রে জানা যায়, জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম মোগরাপাড়ার ওই রিসোর্টে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সানজিদ হাসনাত মৃত আব্দুল হাসনাতের ছেলে।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত সানজিদ হাসনাতকে সোনারগাঁ থানায় সন্ত্রাস বিরোধী আইনে রুজুকৃত একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।