নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

প্রাণ নাশের হুমকির অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মুখোমুখি দুই পক্ষ, সংঘর্ষের আশংকায় আতংক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪০, ৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪২, ৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মুখোমুখি দুই পক্ষ, সংঘর্ষের আশংকায় আতংক

সিদ্ধিরগঞ্জে একটি নালিশা ভুমির বিরোধ নিয়ে মুখোমুখি রয়েছে দুটি গ্রুপ। এ নিয়ে যেকেনো সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

ওই ভুমি জোরপূর্বক দখলের চেষ্টা ও বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ এনে একটি পক্ষ মো. রাসেল হোসেন ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, পাইনাদি তেরা মার্কেট এলাকার মৃত মনসুর আলীর ছেলে নাজিম উদ্দিন (৮০) এবং তার তিন ছেলে মো. শাহাবুদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৪০) ও মো. সৈকত আলী (৩৬)।

অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং উল্টো তারাই হুমকির শিকার হচ্ছেন। এরফলে জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। 

অভিযুক্ত মো. শাহাবুদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ১৯৫৮ সাল থেকে তাঁর দাদা ও বাবার ভোগদখলে থাকা পৈতৃক সম্পত্তি একটি প্রভাবশালী মহল দখলের চেষ্টা করছে এবং এই চক্র তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এসব নিয়ে মামলা মোকদ্দমাও হয়েছে।

তাঁর দাবি, আদালত ও হাইকোর্টের রায় তাদের পক্ষে থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তা উপেক্ষা করে লোকজন নিয়ে জোরপূর্বক জমিতে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তিনি জেলা প্রশাসক ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সম্পত্তি রক্ষার দাবি জানান।

অপরপক্ষ মোঃ রাসেল হোসেন অভিযোগ করেন, পাইনাদি নতুন মহল্লা এলাকায় ক্রয়সূত্রে ১০ শতাংশ জমির (সি.এস ও এস.এ দাগ নং ২০৫, ২০৬ এবং আর.এস দাগ নং ৪২২, ৪২৩) মালিক বলে দাবি করেন। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে খাজনা-খারিজ সম্পন্ন করে তারা ওই জমি ভোগদখল করে আসছেন। তাঁর অভিযোগ, অভিযুক্তরা ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে জমিটি নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাসেল হোসেন ও তাঁর পরিবারের লোকজন জমিতে গেলে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে তাদের বাধা দেন এবং মারমুখী আচরণ করেন। এরপর থেকে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাসেলের অভিযোগ সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে আদালতে একটি মামলা (নং ১১৩৬/২২) বর্তমানে বিচারাধীন। বাদীপক্ষের দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন, তবে তা সফল হয়নি। দুই পক্ষের দাবি ও কাগজপত্র যাচাইয়ের দায়িত্ব আদালত ও তদন্ত সংস্থার।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজ্জাক জানান, অভিযোগটি হাতে পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি এ নিয়ে আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ জরুরী। তা ন হলে এলাকার শান্তি শৃংখলা বিঘ্নসহ যেকোনো সময় বড় ধরণের নাশকতার ঘটনা, প্রাণহানী ও আইনশৃংখলার চরম অবনতি ঘটতে পারে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন