নারায়ণগঞ্জ  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ৫ কোটি টাকার বন্ডের সুতা জব্দ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫৫, ৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ৫ কোটি টাকার বন্ডের সুতা জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বন্ড সুবিধায় ট্যাক্স-ফ্রি মূল্যে আমদানি করা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৮০ কাউন্টের অবৈধ সুতা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের হাজী আব্দুস সালাম মার্কেটের একটি গোপন গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৪০০ বস্তা (কার্টন) সুতা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নরসিংদীর মাধবদী এলাকায় একটি গাড়ি থেকে প্রথমে বন্ডের কিছু সুতা আটক করা হয়। সেই ঘটনার সূত্র ধরে আড়াইহাজারের ওই গোডাউনের সন্ধান পাওয়া যায়।

পরে কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে বিপুল সুতা উদ্ধার করেন। উদ্ধারকৃত সুতার আনুমানিক মূল্য ৪ থেকে ৫ কোটি টাকা বলে জানা গেছে। উদ্ধারকৃত সুতার কার্টনে ÔCHINA ORIGINÕ এবং ‘ÔCM80S/1Õ-এর মতো পণ্যের পরিচিতি দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রপ্তানিমুখী পোশাকশিল্পের কারখানার জন্য সরকারি শুল্ক-কর সুবিধায় আমদানি করা এসব বন্ডের সুতা নির্ধারিত ব্যবহারের বাইরে স্থানীয় বাজারে বিক্রি করা নিষিদ্ধ।

অভিযোগ রয়েছে, শুল্ক-সুবিধায় আমদানি করা এসব সুতা খোলাবাজারে বিক্রি করে অধিক মুনাফা করার উদ্দেশ্যে গোডাউনে মজুত করা হয়েছিল। এ ঘটনায় বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহারের বিষয়টি সামনে এসেছে বলে মনে করছেন শিল্প সংশ্লিষ্টরা।

তাদের মতে, বন্ড সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত রপ্তানিমুখী উৎপাদনে ব্যবহার না করে স্থানীয় বাজারে বিক্রি করা হলে একদিকে সরকারের রাজস্ব ক্ষতির ঝুঁকি তৈরি হয়, অন্যদিকে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানি করা দেশীয় শিল্প অসম প্রতিযোগিতার মুখে পড়ে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘নরসিংদী ও নারায়ণগঞ্জে উদ্ধার সুতার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত আমদানিকারক, সরবরাহকারী এবং বন্ড সুবিধার আওতায় পণ্য খালাস ও পরিবহনের পুরো প্রক্রিয়াটি অনুসরণ করা হলে বন্ড ব্যবস্থার সম্ভাব্য অপব্যবহারের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘শুধু পণ্য উদ্ধার করাই যথেষ্ট নয়। পণ্যটি কার নামে আমদানি হয়েছে, কোন প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সের আওতায় এসেছে, কীভাবে সংশ্লিষ্ট গোডাউনে পৌঁছেছে এবং কোথায় যাওয়ার কথা ছিল, এসব বিষয় তদন্তের আওতায় এনে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া বলে তিনি মনে করেন।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার সূত্রপাত হয়েছে মাধবদীতে। পরবর্তীতে এর গোডাউন আড়াইহাজারে পাওয়া যায়। অভিযানটি কাস্টমস কর্তৃপক্ষ পরিচালনা করেছে। পুলিশ শুধু তাদের সহযোগিতা করেছে।’

(তথ‌্যসূত্র : কালবেলা)

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন