শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৫২, ৫ অক্টোবর ২০২৬
সিদ্ধিরগঞ্জে মো. রাকিবুল ইসলাম বিপ্লব (২০) নামের এক দিনমজুর যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী শিমু আক্তার বলেন রাকিবুল কীটনাশকপান করে মারা যায়।
পরিবারের দাবি, এটি আত্মহত্যা না অন্য কিছু। সোমবার (৫ অক্টোবর) ভোরের দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পুদরচর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে এবং তিনি আদমজী চৌরাস্তা এলাকার জাকিরের বাসায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমের স্ত্রী শিমু আক্তার ফোন করে ভিকটিমের পিতাকে জানান যে রাকিবুল কীটনাশকপান করে অসুস্থ হয়ে পড়েছেন।
এরপর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকার তেজগাঁও এলাকা থেকে ছুটে এসে রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছান এবং রাকিবুলকে মৃত অবস্থায় দেখতে পান।
পরে ৯৯৯-এর কল পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৩টার মধ্যে যেকোনো সময়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।