নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি হত্যা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৫, ৬ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি হত্যা

সিদ্ধিরগঞ্জে আব্দুর রশিদ ফরাজি (৬৩) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা পর তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে স্বজনরা বলছেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত আব্দুর রশিদ সিদ্ধিরগঞ্জের মিজমিজি বুকস গার্ডেন মাদ্রাসা রোড এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন আব্দুর রশিদ। কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যরা খবর পান, তিনি একটি স্থানে মৃত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে কীভাবে আব্দুর রশিদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশও কিছু বলতে পারছে না। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ।

নিহতের ছেলে রাশেদ ইকবাল অভিযোগ করে বলেন, বুকস গার্ডেনের কমিটির মূসা, খালেদ সাইফুল্লাহ, মান্নান, করিমসহ কয়েকজনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। তারা অনেক প্রভাবশালী। তারা পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করে থাকতে পারে। পূর্ব বিরোধের বিষয় উল্লেখ করে তাদের বিরুদ্ধে তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা লাশ পোস্ট মর্টেমের জন্য প্রেরণ করেছি। তবে এখনও কেউ মামলা করেনি। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন