নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে অনলাইনে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ : মামলা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৯, ১০ অক্টোবর ২০২৬

বন্দরে অনলাইনে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ : মামলা

বন্দরে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে রবিন শেখ (২৫) নামের এক ওমান প্রবাসীর কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওমান প্রবাসী রবিন শেখ দেশে থাকা অবস্থায় ইনস্টাগ্রামে একটি আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দেখতে পান। কৌতূহলী হয়ে তিনি সেখানে আবেদন করলে প্রতারক চক্রটি তাকে ঘরে বসেই সহজে আয়ের নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধাপে নিবন্ধন করায়।

প্রাথমিকভাবে রবিন দারাজের  একটি সাপোর্ট ইউনিটে কাজ শুরু করেন। কিছুদিন পর প্রতারক চক্রটি তার অনলাইন একাউন্টে ১ লাখ ৩৯ হাজার টাকা জমা হয়েছে বলে জানায়। তবে তার ভুল হয়েছে এই অজুহাত দেখিয়ে তারা জানান যে,  টাকা তুলতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে বিকাশের মাধ্যমে আরও টাকা পাঠাতে হবে।

প্রতারকদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী রবিনের বাবা মোশারফ হোসেন কয়েক দফায় মোট ৮৮ হাজার ৮৯০ টাকা বিকাশের মাধ্যমে তাদের পাঠান। টাকা পাঠানোর পর থেকেই চক্রটির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে নিরুপায় হয়ে ভুক্তভোগীর বাবা মোশারফ বন্দর থানায়  মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান,  বিষয়টি তদন্ত করে প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন