নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিএনপি’র আইডি দিয়ে অপপ্রচার, চাঁদাবাজি : সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৩, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১৫, ১৩ অক্টোবর ২০২৬

বিএনপি’র আইডি দিয়ে অপপ্রচার, চাঁদাবাজি : সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগরের বিরুদ্ধে অপপ্রচার ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান রাজিব (৩০) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রাজিব ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাদৈর মধ্যপাড়া এলাকার নজরুল ইসলাম ভূঁইয়া ও খাদিজা বেগম রানুর ছেলে। তিনি বাদৈর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক উপবিভাগীয় সম্পাদক এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রাজিব ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও উঠেছে।

অভিযোগ অনুযায়ী, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাগরের সঙ্গে যোগাযোগ করে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন রাজিব। এ ছাড়া বিকাশের মাধ্যমে কিছু টাকা গ্রহণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

মামলার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সমন্বয়ে আইটি শাখার এসআই মফিজুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করেন। পরে কসবা থানার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব অন্যদের প্ররোচনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এদিকে, ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডিটি কারা পরিচালনা করছেন এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইডিটির ব্যবহার, কথিত চাঁদা লেনদেনে ব্যবহৃত বিকাশ নম্বর এবং অন্য কারও সংশ্লিষ্টতা তদন্তের আওতায় রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজিবকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন