শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪২, ২০ অক্টোবর ২০২৬
সিদ্ধিরগঞ্জে অবৈধ ফার্নেস অয়েলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই গোডাউনে অকটেন, ডিজেল, পোড়া মবিলসহ বিভিন্ন রকম জ্বালানি তেল মজুদ রেখে অন্যত্র বিক্রি করত বলে জানায় এলাকাবাসী।
সিদ্ধিরগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়া জানান, গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সময় গোডাউনের মালিকপক্ষকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে গোডাউনটির বৈধতা এবং প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।