শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫১, ২০ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পরিবার নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) নজরুল ইসলাম আজাদ।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কালীবাড়ির পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, “আমার নেতা বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আড়াইহাজারে দুর্গাপূজা উদযাপনে আপনাদের সার্বিক বিষয়ের প্রতি খেয়াল রাখার চেষ্টা করেছি। এবারের দুর্গাপূজায় নিরাপত্তাব্যবস্থা অনেক ভালো।
তিনি আরও বলেন, “আমার অভিভাবক, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
পূজার সময় কোনো ধরনের সমস্যা দেখা দিলে তাঁকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, “আপনাদের মন্দিরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। ইনশাআল্লাহ, সরকারি বরাদ্দ এলে মন্দিরের যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগ নেব।”
তিনি বলেন, “আপনারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। দেশের উন্নয়নে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা দেখেছেন, তিনি দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। কারণ, তিনি মনেপ্রাণে ধারণ করেনি ধর্ম যার যার, বাংলাদেশ সবার; নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”
এমপি আজাদ আরও বলেন, “আমরা সবাই বাংলাদেশি। একসঙ্গে মিলেমিশে একটি প্রগতিশীল, সুন্দর ও সমৃদ্ধশালী আড়াইহাজার গড়ে তুলব। সেই আড়াইহাজার আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চাই।”
এ সময় আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।