শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১১:৪৮, ২২ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিপক্ষের নির্মম হামলার শিকার হয়েছেন জহির ফকির নামে আড়াইহাজারের এক যুবদল নেতা।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে চরকিশোরগঞ্জ এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল জহির ফকিরের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে এবং একই ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
নিহতের ভাগ্নে ইসমাইল ও বিল্লাল হোসেন জানান, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে মোবারক হোসেনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো।
এর আগেও কয়েক বার মোবারক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জহিরের উপর হামলা করে। আড়াইহাজার থেকে মোবারক ও তার সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসি থেকে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করে বলেন, জহির আমাদের দলের একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা ছিল।
তার বাসা কালাপাহাড়িয়া এলাকায় হলেও সে মূলত মুন্সিগঞ্জে বসবাস করত। হঠাৎ খবর পেলাম ১৫-২০ জনের একটি গ্রুপ তাকে নির্মমভাবে হত্যা করেছে।
ছেলেটা প্রায়ই বলত যে তাকে মেরে ফেলা হতে পারে, তবে কার সঙ্গে তার প্রধান বিরোধ ছিল তা আমরা নিশ্চিত করতে পারিনি। এই মর্মান্তিক খবরে আমাদের ভাষা হারিয়ে গেছে।
ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।