শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৫৭, ২৬ অক্টোবর ২০২৬
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের টাকা ও মালামাল চুরির অপরাধে ৪ নারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় প্রতারণা ও চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় চার নারীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার একতাপুর এলাকার মর্তুজা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধর্মগঞ্জ এলাকার রুনা বেগম এবং একই থানার বীর মণ্ডল এলাকার শাহনাজ বেগম ও বুশরা বেগম। তাঁরা দীর্ঘদিন ধরে রূপসী এলাকায় বসবাস করে আসছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এ সাজা প্রদান করা হয়। আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের কাছ থেকে প্রায়ই কৌশলে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ পাওয়া যায়। সোমবার সকালে রোগীদের কাছ থেকে চুরির চেষ্টাকালে রোগীদের স্বজনেরা ওই চার নারীকে হাতেনাতে আটক করেন।
আটক নারী দুষ্কৃতিকারী চক্রটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি ও মাদক সেবনের কথা স্বীকার করেছেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হলে সেখান থেকে তাদের ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এইচ এম সালাউদ্দিন জানান,আটক চার নারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।