শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:১৬, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৭, ২৭ অক্টোবর ২০২৬
সিদ্ধিরগঞ্জে নানা সামাজিক ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নাসিক ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া নাভানা মাঠ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। পরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চালানো হয়। সবশেষে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাগর বলেন, ৪৮ বছর আগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে, উৎপাদনমুখী রাজনীতি বিকাশে এবং সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদল গঠন করেছিলেন। সেই আদর্শকে লালন করেই নারায়ণগঞ্জ মহানগর যুবদল এগিয়ে চলছে।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ সব সময়ই স্বৈরাচারবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। ৯০-এর এরশাদবিরোধী আন্দোলন থেকে বিগত দিনের রাজপথের সংগ্রাম পর্যন্ত প্রতিটি আন্দোলনে মহানগর যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে।
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সাগর বলেন, দেশ ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধুনিক-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে মহানগর যুবদল রাজপথের দায়িত্ব নেবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনব্যাপী দেশজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় যুবদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন