নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১, দুই গাভির মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪০, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪১, ২৭ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১, দুই গাভির মৃত্যু

সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সাতটি রুমের চাল ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একপর্যায়ে ওই বাড়ির গোয়ালঘর থেকে গরুর বাছুর উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক শহীদুল্লাহ। তবে এর আগেই আগুনে পুড়ে মারা গেছে দুটি গাভি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আমজাদ মার্কেটসংলগ্ন সাততলা মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে।

ভোর ৩টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৫টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো হয়।

দগ্ধ শহীদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি বাসায় ফিরে যান।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের সঙ্গে সোমবার দিনের বেলায় তাঁর স্ত্রী সাহিদার ঝগড়া হয়। পরে সাহিদা বাড়ি ছেড়ে চলে যান। 

অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে রাতে মনির নিজের ঘরের বিছানার ওপর গ্যাসের সিলিন্ডার তুলে আগুন ধরিয়ে দেন। এরপর বাইরে থেকে ঘরে দুটি তালা লাগিয়ে তিনি চলে যান। একপর্যায়ে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন