শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০৩, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয়তাবাদী যুবদল উড়ে এসে জুড়ে বসেনি। বিগত ১৭ বছর রাজপথে লাগাতার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আজকের স্বৈরাচারমুক্ত বাংলাদেশ অর্জিত হয়েছে।
এ আন্দোলনে যুবদল মুখ্য ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে খাইরুল ইসলাম সজিব বলেন, “কিছু স্বৈরাচারের কাপুরুষ নেতা এখন ধানমন্ডি ও বিভিন্ন রেস্তোরাঁয় বসে মিটিং করেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, ‘আগামী ডিসেম্বরে আসছি’। অথচ তাঁরা রাতের আঁধারে লুঙ্গি পরে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “তাঁরা আবার কীভাবে সোনারগাঁয়ে মুখ দেখাবেন? আমরা ফেসবুকে নয়, রাজপথে রাজনৈতিক আন্দোলন ও লড়াইয়ের মাধ্যমে সব অপশক্তিকে মোকাবিলা করব।”
খাইরুল ইসলাম সজিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হারুন অর রশিদ মিঠু, করিম রহমান, সেলিম হোসেন দিপু, সোহেল রানা, ইমরান ফারুক ও আব্দুল মান্নানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন একটি পৌরসভার যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।