নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারিকে থানায় দিলো বিএনপি নেতা মনির

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৪, ৩০ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারিকে থানায় দিলো বিএনপি নেতা মনির

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রির সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ (২০) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা।

শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজের আগে সিদ্ধিরগঞ্জের আদমজী জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত জাহিদ (২০) সুমিলপাড়া বিহারি কলোনি এলাকার বাসিন্দা মো. জামিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আদমজী জামে মসজিদে যাচ্ছিলেন।

মসজিদে প্রবেশের মুখে তিনি দেখতে পান এক ব্যক্তি প্রকাশ্যে মাদক বিক্রি করছে। বিষয়টি দেখা মাত্রই তিনি উপস্থিত লোকজনের সহায়তায় ওই মাদক কারবারিকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করেন। পরে তিনি নিজেই আটককৃত কারবারিকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে গিয়ে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করেন।

নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, আমার ওয়ার্ডে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা সমাজ ও জাতির শত্রু। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমাদের কঠোর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার আকুল আবেদন, তারা যেন এই সকল চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে অবিলম্বে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন