নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

রুপগঞ্জে নগড়পাড়া সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২২, ৩০ অক্টোবর ২০২৬

রুপগঞ্জে নগড়পাড়া সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রূপগঞ্জে বালু নদের ওপর নির্মাণাধীন নগরপাড়া সেতুর কাজ দীর্ঘ ২৩ বছর সম্পন্ন হয়নি। দ্রুত সময়ের ভিতর এ সেতু কাজ আরম্ভ করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের উদ্যোগে উপজেলার নগরপাড়া এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। এ সময় পাশ্ববর্তি এলাকার কয়েকশ’ লোক অংশগ্রহণ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ আক্ষেপ প্রকাশ করে বলেন, ২০০৩ সালে আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট নিরসন এবং রূপগঞ্জ তথা আশপাশের বিস্তীর্ণ এলাকার অর্থনৈতিক চিত্র পাল্টে দেওয়ার লক্ষ্যে এই যুগান্তকারী প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ শুরু হয়েছিল।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরবর্তীতে বিভিন্ন স্বার্থান্বেষী মহল ও কতিপয় রিয়েল এস্টেট আবাসন কোম্পানির সিন্ডিকেটের চক্রান্তে প্রকল্পটির অগ্রগতি পুরোপুরি থমকে যায়। দীর্ঘ ২৩টি বছর পার হয়ে গেলেও দৃষ্টিনন্দন ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুর নির্মাণকাজ শেষ না হওয়া রূপগঞ্জবাসীর জন্য এক চরম অবহেলা ও দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।

জানা যায়, তৎকালীন সময়ে ৭.৩০ মিটার চওড়া বিশিষ্ট এই সেতুর প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা। নির্মাণকাজ শুরু হওয়ার পর সেতুটির মূল অবকাঠামোর একটি বড় অংশ নির্মিত হলেও পরবর্তীতে অদৃশ্য কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়।

এরপর টেন্ডার জটিলতা, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং স্থানীয় ও বহিরাগত আবাসন সিন্ডিকেটের বাধার কারণে বছরের পর বছর অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয় জনগুরুত্বপূর্ণ এই সেতুটি।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ ও দুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন, সেতুটি নির্মিত না হওয়ায় ঢাকা শহরের এত কাছে অবস্থান করা সত্ত্বেও রূপগঞ্জ ও কায়েতপাড়া অঞ্চলের লাখ লাখ মানুষকে প্রতিদিন যাতায়াতের জন্য প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে বিকল্প ঝুঁকিপূর্ণ রাস্তায় যাতায়াত করতে হচ্ছে।

এতে একদিকে যেমন প্রতিদিন সাধারণ মানুষের বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে জ্বালানি খরচ ও গণপরিবহন ভাড়া বাবদ গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। বিশেষ করে জরুরি মুমূর্ষু রোগী, বৃদ্ধ এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের প্রতিদিন সীমাহীন কষ্ট সহ্য করতে হচ্ছে।

বক্তারা জোর দিয়ে বলেন, নগরপাড়া সেতুটি পূর্ণাঙ্গভাবে চালু হলে শুধু রূপগঞ্জের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাতেই অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন আসবে না, বরং রাজধানী ঢাকার সাথে সংযোগ স্থাপন নিশ্চিতের পাশাপাশি ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট বহুগুণে কমে আসবে।

এ সময় আরোও বক্তব্য রাখেন— সংগঠনের অন্যতম সংগঠক ও প্রতিনিধি আহসান উল্লাহ মাস্টার, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মামুন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, বিশিষ্ট ব্যাংকার আবু বকর সিদ্দিক, বাংলাদেশ পাটশিল্প সমিতির সাবেক সভাপতি হাসেন আলী ব্যাপারী প্রমূখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন