শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫৭, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৮, ১ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে চোরাই প্রায় ১৬,৫০০ লিটার জেট ফুয়েল জব্দ করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তেলবাহী ট্যাংকলরীর চালক সাগর হোসেন (২৭) কে আটক করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে এজাহার নামীয় ও ২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- ট্যাংকলড়ী ড্রাইভার সাগর হোসেন (২৭), হেলপার দ্বীন ইসলাম (৫২) ও পলাতক আসামি ট্যাংকলড়ীর মালিক আওয়ামী লীগ নেতা ইয়ার হোসেন ভূঁইয়া (৫০)।
শনিবার রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড শিমরাইল মোড় এলাকা থেকে এই তেল জব্দ করা হয়। জব্দকৃত ট্যাংকলরির নাম্বার চট্ট-মেট্রো ৪১-০৮০৩।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি জানান, চিটাগাংরোড এলাকা থেকে ১৬,৫০০ লিটার জেটফুয়েল সহ একটি ট্যাংকলরী জব্দ করা হয়েছে। চালক সাগর হোসেনকে আটক করা হয়েছে। এবিষয়য়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ট্যাংকলড়ী মালিক ইয়ার হোসেন ভূঁইয়াকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
এদিকে জব্দকৃত ট্যাংকলরীর মালিক সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার ইয়ার হোসেন ভূঁইয়া। তিনি ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির গোদনাইল পদ্মা ডিপো শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নাসিক ৬নং ওয়ার্ড এলাকায় তিনি আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।কর্মী সমর্থক নিয়ে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিটি মিছিল মিটিংয়ে তাঁর সক্রিয় উপস্থিতি ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা।
ইরফান ভূঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগ পন্থী কুর্মিটোলা ডিপো এভিয়েশন ডিজিএম অনুপ কুমার বড়ুয়া, কুর্মিটোলা ডিপো ইনচার্জ রেদোয়ান ও ডিপার (স্টাফ) আলমগীরের যোগসাজশে রূপগঞ্জ, শ্যামপুর, গাজী ব্রীজ এলাকায় জেট-এ ওয়ান তেল কারসাজিতে জড়িত এ চক্রটি বলে অনুসন্ধানে জানা যায়।
এভাবে এ সিন্ডিকেটের তেল চুরির মাধ্যমে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অবিলম্বে এর সাথে জড়িত ইরফান ভূঁইয়া সহ সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।