নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অরবোধ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:০৮, ২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫২, ২ নভেম্বর ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অরবোধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। সোমবার দুপুর ১২টা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের এই বিক্ষোভ শুরু হয়।

একপর্যায়ে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে লিংক রোডের প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও পথচারীরা।
‎
‎বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করতে হবে। শুধু আশ্বাস নয়, বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
‎
‎শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য দৈনন্দিন ব্যয়ের সঙ্গে বর্তমান বেতন সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে সীমিত আয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে গিয়ে প্রতিনিয়ত আর্থিক সংকটে পড়তে হচ্ছে তাদের।
‎
‎এ অবস্থায় জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশের বাস্তবতা বিবেচনায় না নিয়ে শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম দীর্ঘমেয়াদে স্বাভাবিক রাখা সম্ভব নয়।
‎
‎এদিকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) জানিয়েছে, বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
‎
‎সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জীবনযাত্রার ব্যয়ের মধ্যে পার্থক্য রয়েছে। পাশাপাশি বিভিন্ন কারখানার উৎপাদন সক্ষমতা, ব্যবসায়িক পরিস্থিতি এবং রপ্তানি আদেশের চাপও বিবেচনায় নিতে হবে। এসব বিষয় পর্যালোচনা করেই কমিটি বেতনসংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করবে।
‎
‎তবে শ্রমিকদের তাৎক্ষণিক দাবি এবং মালিকপক্ষের পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যেই আন্দোলনে নেমে পড়ে শ্রমিকরা। 
‎
‎এদিকে, শ্রমিকদের এই আন্দোলনের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের পোশাকশিল্পে। উৎপাদনমুখী একাধিক কারখানায় কাজ ব্যাহত ও উৎপাদন কার্যক্রম থমকে গেছে বলে জানা গেছে। একই সঙ্গে সড়ক অবরোধের কারণে লিংক রোডের দীর্ঘ এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হয়ে পড়ে।
‎
‎এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহন এবং দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন । শিল্পাঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়কে যানজট ছড়িয়ে পড়ায় পণ্য পরিবহন ও স্বাভাবিক যাতায়াতেও বিঘ্ন ঘটে।
‎
‎‎অন্যদিকে মালিকপক্ষ শ্রমিকদের আন্দোলন থেকে সরে এসে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, চলমান উৎপাদন ও রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। কারখানার উৎপাদন ব্যাহত হলে নির্ধারিত সময়ে রপ্তানি আদেশের পণ্য প্রস্তুত ও শিপমেন্ট সম্পন্ন করা কঠিন হয়ে পড়তে পারে। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সামগ্রিক রপ্তানি কার্যক্রমও চাপে পড়ার আশঙ্কা রয়েছে।
‎
‎এই বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন,  খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন