শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৫৪, ২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৬, ২ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, শ্রমিকদের সঙ্গে মিশে যারা হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের শনাক্ত করতে ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজে কয়েকজন দুষ্কৃতকারীর উপস্থিতি দেখা যাচ্ছে, যারা সরাসরি ইন্ধন দিচ্ছে। এসব তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, “আমি একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই, কেউ যদি রাজনৈতিকভাবে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে আমরা সেটি রাজনৈতিকভাবেই মোকাবিলা করব, ইনশাআল্লাহ। তবে সাধারণ শ্রমিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা কারও বলির শিকার হবেন না।”
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী মজুরি কমিশন গঠন করেছেন। আলোচনার মাধ্যমে যেটি ন্যায্য বলে বিবেচিত হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই কোনো মহলের ইন্ধনে পড়ে শ্রমিকদের নিজেদের ক্ষতি করা উচিত হবে না।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। অবশ্যই আপনাদের জন্য যেটি ন্যায্য, সেটি বাস্তবায়ন করা হবে। “
এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল প্রমুখ।