শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:২০, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:২৮, ৩ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতেন।
একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দেন। তাই শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি বর্তমান সরকারের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। শ্রমিকরা যাতে যথাযথ মজুরি পান, সে লক্ষ্যে সরকার মজুরি কমিটি গঠন করেছে। মজুরি কমিশনের মাধ্যমে শ্রমিক, মালিক ও সরকারপক্ষের সমন্বয়ে একটি যুক্তিসংগত সমাধান বের করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে জেলার বিভিন্ন গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা আশা করি শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ হবে, ইনশাআল্লাহ। বর্তমান সরকার শ্রমিকদের সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
আমরা মনে করি, এ দেশের শ্রমিক যেমন আমাদের, তেমনি যারা গার্মেন্টস শিল্প গড়ে তুলেছেন, তারাও আমাদের। তাই কোনোভাবেই এই শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হলে অন্য দেশগুলো লাভবান হবে এবং বাংলাদেশ থেকে শিল্পপ্রতিষ্ঠানগুলো অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। তাই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি দেশের শিল্প ও অর্থনীতির স্বার্থও বিবেচনায় রাখতে হবে।
তিনি আরও বলেন, আমরা শ্রমিকদের আশ্বস্ত করতে চাই, তাদের ন্যায্য কথা ও যৌক্তিক দাবিগুলো বর্তমান সরকার যথাযথভাবে মূল্যায়ন করবে। এ বিষয়ে একটি যুক্তিসংগত সিদ্ধান্ত নেওয়া হবে।
নারায়ণগঞ্জের শ্রমিকদের দাবিদাওয়াগুলো আমরা সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেব। শ্রমিক, মালিক ও সরকারের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের করা হবে।