নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দর নয়ানগরে জনি-মহসিনের মাদক ব্যবসা রমরমা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৬, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০২, ৩ নভেম্বর ২০২৬

বন্দর নয়ানগরে জনি-মহসিনের মাদক ব্যবসা রমরমা

মাদক নির্মূলে  সরকারের জিরো টলারেন্স নীতি  তোয়াক্কা করছে না বন্দরের  অসাধু মাদক কারবারি চক্র। মাদক সন্ত্রাসী নির্মূলে  জেলার বিভিন্ন থানায়  এলাকায় অভিযান  পরিচালনা করলে বন্দর উপজেলার কল্যান্দী ১নং নয়ানগর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জনি মিয়া ওরফে গুঁজা জনি (৩২) ও মহসিন (৫৩) নির্বিঘ্নে তাদের রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকার উঠতি বয়সী তরুণ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে এই মাদক সিন্ডিকেট দেদারছে চালিয়ে যাচ্ছে গাঁজা ও ইয়াবার ব্যবসা।

স্থানীয়দের অভিযোগ, ১নং নয়ানগর এলাকার মৃত আউয়াল মিয়ার ছেলে জনি মিয়া ওরফে গুঁজা জনি মূলত একজন পাইকারি মাদক বিক্রেতা। শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি পুঁজি করে এবং আইনপ্রয়োগকারী সংস্থার চোখে ধুলো দিতে সে এই অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জনির এই অবৈধ সাম্রাজ্যে তার ‘সেকেন্ড ইন কমান্ড’ বা প্রধান সহযোগী হিসেবে সার্বক্ষণিকভাবে কাজ করেন একই এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে মহসিন (৫৩)।

অনুসন্ধানে জানা যায়, জনির অন্যতম অংশীদার মহসিন এর আগেও একাধিকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। কিন্তু জেল থেকে বেরিয়ে এসে আবারও পুরোনো ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে পুলিশ মাদক বিক্রির সময় হাতেনাতে জনিকে আটক করলেও পরবর্তীতে রহস্যজনকভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আইনের এমন ফাঁকফোকর ও নামমাত্র শাস্তির সুযোগ নিয়ে জনি ও মহসিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।

ধ্বংসের মুখে যুবসমাজ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা এই দুই কারবারির রমরমা মাদক ব্যবসার কারণে এলাকার তরুণ ও যুবসমাজ প্রতিনিয়ত বিপথগামী হয়ে পড়ছে, যা স্থানীয় অভিভাবকদের গভীর উদ্বেগের মুখে ফেলেছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে অবিলম্বে এই সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন