শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:০০, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০০, ৪ নভেম্বর ২০২৬
মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট মেইন সড়কে অবরোধের উদ্দেশ্যে শ্রমিকরা এগোতে থাকে।
এ সময় পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিতে গেলে উভয়ের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে স্থানীয় একটি হোসিয়ারি কারখানার শ্রমিক জান্নাত (১৮) অসুস্থ হয়ে পড়েন।
এদিকে এ ঘটনার সময় পুলিশ পাঁচজনকে আটক করেছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুলসহ আশপাশের শিল্প এলাকার শ্রমিকেরা নিয়মিতভাবে কারখানায় কাজে যোগ দেন। কিছুক্ষণ পর কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পুলিশ ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে।
স্থানীয় দোকানি জামাল মিয়া বলেন, বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
অন্যদিকে আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, তারা মজুরি বৃদ্ধির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এ সময় বিএনপির নেতারা এসে তাদের মারধর করেন। এরপর পুলিশ তাদের ওপর অভিযান চালায়।
এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করার জন্য চেষ্টা চালায়। তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়াও সকল ধরনের অপ্রতিকর ঘটনায় এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।
এর আগে গত সোমবার ও মঙ্গলবার একই দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বিশেষ করে মঙ্গলবারের আন্দোলনে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। এ ছাড়া চার শ্রমিককে আটক করা হয়।
শ্রমিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন, শ্রমিক আমজাদ হোসেন কামালসহ নিহত শ্রমিকদের হত্যার বিচার এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ ও শ্রম আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন।