শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:১২, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৩, ৫ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের গার্মেন্ট শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলনে ইন্ধন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফতুল্লা বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন এমপি নজরুল ইসলাম আজাদ।
এ সময় তিনি বিভিন্ন গার্মেন্টস মালিক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, “আমরা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ বিএনপির নেতৃবৃন্দ সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করছি।
আমি বিশেষ করে যেটি উপলব্ধি করলাম, এখানে কিছু ফ্যাসিস্টদের ইন্ধন আছে। আপনারা দেখেছেন, গতকাল কিছু ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত কর্মী গ্রেপ্তার হয়েছে। আর বিশৃঙ্খলাকারীদের ছাড় দেয়া হবে না”
তিনি বলেন, শ্রমিকরা অকারণে আন্দোলন করতে চান—এমনটা তিনি বিশ্বাস করেন না। শ্রমিকদের কিছু দাবি থাকতেই পারে এবং সেটি স্বাভাবিক বিষয়। শ্রমিকদের ন্যায্য ও যুক্তিসংগত দাবি বিবেচনায় নিয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
এমপি আজাদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই মজুরি কমিশন গঠন করেছেন। শ্রমিকদের জন্য যেটা ন্যায্য এবং যুক্তিসংগত, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ। আমার মনে হয়েছে, সকল শ্রমিক ভাইয়েরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থাশীল।”
পেছন থেকে ইন্ধন দিয়ে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা লাঠিসোঁটা নিয়ে বা ট্রাকে করে লোক পাঠিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “এরকম ফাজলামো করে এবং ইন্ধন দিয়ে কোনো লাভ হবে না। আমরা জাতীয়তাবাদী দল। আন্দোলন-সংগ্রাম করেই এখানে এসেছি। জনগণের ভোটের মাধ্যমে আমরা সরকার গঠন করেছি এবং জনগণের ভোটের মাধ্যমে জননেতা তারেক রহমান এদেশের মানুষের প্রধানমন্ত্রী হয়েছেন।”
শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ যেন খেলাধুলা না করে—এমন সতর্কবার্তা দিয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, যারা রাজনৈতিকভাবে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছেন, তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।
তিনি বলেন, “আমরা জাতীয়তাবাদী দল। রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য আমাদের সম্পূর্ণ সক্ষমতা রয়েছে, ইনশাআল্লাহ। যারা ইন্ধন দিচ্ছেন, যারা ঝামেলা করার চেষ্টা করছেন, আপনারা থেমে যান। শ্রমিকের ভাগ্য নিয়ে খেলাধুলা করবেন না।”
শ্রমিকরা যাতে ন্যায্য পাওনা ও সম্মানজনক উপার্জনের মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের বিভ্রান্ত করে কেউ যেন পরিস্থিতি অস্থিতিশীল না করে।
তিনি আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য পাওনা ও হক-হালালভাবে উপার্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। তারা যাতে পরিবার নিয়ে চলতে পারে, সেজন্য কেউ বিভ্রান্তি সৃষ্টি করবেন না। যারা ইন্ধন দিচ্ছেন এবং ঝামেলা করার চেষ্টা করছেন, আপনারা থেমে যান।”
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহাম্মুদ, জেলা যুবদল নেতা ইমরান কাউসার, সাগর সিদ্দিকীসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।