নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবদলের কার্যালয় উদ্বোধন ও বিপ্লব-সংহতি দিবসের আলোচনা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৭, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৬, ৬ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবদলের কার্যালয় উদ্বোধন ও বিপ্লব-সংহতি দিবসের আলোচনা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে যুবদলের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন এই কার্যালয়টি যাত্রা শুরু করে।

শুক্রবার (৬ নভেম্বর) যুবদল নেতা সোহেল রানার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সোনামিয়া বাজার শাহী মসজিদের ইমাম মাওলানা আল আমিন। মোনাজাতে দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনকল্যাণে কাজ করার তৌফিক কামনা করা হয়।

আলোচনা সভায় অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, “দেশের গণতন্ত্র, জাতীয় ঐক্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব অপরিসীম।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।”

কার্যালয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক কার্যালয় কেবল দলীয় কর্মকাণ্ডের স্থান নয়, এটি স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনারও প্রধান কেন্দ্রবিন্দু। এই কার্যালয়ের মাধ্যমে ৬ নম্বর ওয়ার্ডে যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা সফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সিফাতুর রহমান রাজু, থানা জাসাসের সভাপতি হানিফ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সেলিমসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন