শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৯, ৭ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে জায়গা ও রাস্তা ব্যবহার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে নাঈম খান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম খান ওই এলাকার গফুর মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি রাস্তা ব্যবহার নিয়ে হোসেন নামে এক প্রতিবেশীর সঙ্গে নাঈম খানের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে হোসেনকে চলাচলের রাস্তা ছেড়ে বাড়ির কাজ করতে বলেন নাঈম।
এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হোসেন ও তার ছেলে ইকবাল নাঈমকে মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মনির জানান, মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিক মামলা বা অভিযোগ করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় একজন আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে মারা গেছেন। ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।