নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

হাজী রিপনের ছেলে সেই রাফি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৪, ৯ নভেম্বর ২০২৬

হাজী রিপনের ছেলে সেই রাফি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের জামতলা থেকে পরিবহন শ্রমিক নেতা হাজী মো. বজলুর রশীদ রিপনের ছেলে ইমতিয়াজ রহমান রাফি (৩৫) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাফিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে হাজী রিপন ও তাঁর ছেলে রাফিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁরা আদালত থেকে জামিনে মুক্তি পান। 

ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে রাফির বিরুদ্ধে সাত থেকে আটটি মামলা রয়েছে।

রাফির বাবা হাজী রিপন জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে তিনি জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

২০১৮ সালের ২৫ জানুয়ারি জামতলার বাসা থেকে ২২০টি ইয়াবা উদ্ধারের ঘটনায় হাজী রিপন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জামিনে মুক্তি পান রিপন।

কে এই হাজী রিপন ও তার ছেলে রাফি ?

শহরের জামতলা এলাকার বাসিন্দা হাজী রিপন নারায়ণগঞ্জের পরিবহন খাতের আলোচিত একটি নাম। জাতীয় পার্টির অঙ্গসংগঠন জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 

নানা অভিযোগে পরে ওই পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। 

অভিযোগ রয়েছে, পরিবহন খাতের ট্রাক থেকে চাঁদা আদায়, মাদক ব্যবসা এবং শহরের দক্ষিণাঞ্চলের গার্মেন্টস কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন হাজী রিপন। 

তার নেতৃত্বে সহযোগীরা ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতেন বলেও অভিযোগ রয়েছে। একসময় নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

২০১৮ সালের ২৫ জানুয়ারি জামতলার বাসা থেকে ২২০ পিস ইয়াবাসহ হাজী রিপন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন অনেকটা আড়ালে থাকলেও আবারও বিভিন্ন অভিযোগে আলোচনায় আসেন তিনি।

২০২১ সালের ২৩ মার্চ ফতুল্লা থানাধীন জেলা কারাগারের বিপরীত পাশে একটি জমিতে নির্মিত দোকানপাটে ভাঙচুরের অভিযোগ ওঠে হাজী রিপন ও তার সহযোগীদের বিরুদ্ধে। 

ওই ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন দৈনিক সংবাদচর্চার ফটোসাংবাদিক মাহমুদুর রহমান প্রীতম। তাকে মারধর করে রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন সাংবাদিক প্রীতম।

এ ছাড়া হাজী রিপনের ছেলে সালেহ রহমান সীমান্তের নামও বিভিন্ন বিতর্কিত ঘটনায় আলোচনায় এসেছে। ২০১৩ সালে কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 

অন্যদিকে, হাজী রিপনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের তৎকালীন পৌর মেয়র ও বর্তমান সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরোধিতার জেরে তাকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

সব মিলিয়ে পরিবহন খাত, ঝুট ব্যবসা ও রাজনৈতিক প্রভাবকে ঘিরে হাজী রিপন পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। এবার ছেলে রাফির গ্রেপ্তারের মধ্য দিয়ে সেই পুরোনো অভিযোগগুলো আবারও আলোচনায় এসেছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন