শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২০, ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
মিছিলটি চিটাগাং রোড এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ডাচ-বাংলা ব্যাংক মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তথাকথিত ধর্মঘটের প্রতিবাদে এবং সাধারণ জনগণের নিরাপত্তায় নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও সিদ্ধিরগঞ্জ থানার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে।
গতকাল রাত থেকেই নিষিদ্ধ এই সংগঠনটি দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং যানবাহনে আগুন দিচ্ছে। এমনকি একটি স্কুলবাসেও তারা আগুন দিয়েছে। মূলত তারা কোনো রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতা হত্যাকারী এক সন্ত্রাসী সংগঠন।
তিনি আরও বলেন, জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমরা মাঠে আছি। কোনো সন্ত্রাসী সংগঠন রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে যুবদল তা শক্ত হাতে প্রতিরোধ করবে।
চোখ-কান খোলা রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজপথে নামার স্পর্ধা দেখালে রাজপথেই তার দাঁতভাঙা জবাব দিয়ে তাদের আইনের হাতে সোপর্দ করা হবে।
কর্মসূচিতে অন্যান্য বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার ঘোষণা দেন।
উক্ত বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।