শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৫৬, ১১ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে ফতুল্লায় এক বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় তাকে বলতে শোনা যায়, ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন।’
গত মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় একটি বিরিয়ানির দোকানে এ ঘটনা ঘটে। অভিযোগের শিকার ম্যানেজারের নাম খোকন।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এইচ এম হোসেনকে উত্তেজিত অবস্থায় দোকানের ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দিতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রকাশ্যে এমন হত্যার হুমকির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, জনসমাগমপূর্ণ বাজারে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার মতো ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। একই সঙ্গে হোসেনের কাছে কোনো অবৈধ অস্ত্র রয়েছে কি না, থাকলে তা উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন অনেকে।
দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক নারী চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নিতে এসে ক্যাশে টাকা দেওয়ার বিষয়ে দাবি করেন। ম্যানেজার খোকন টাকা না পাওয়ায় বিরিয়ানি দিতে অস্বীকৃতি জানালে ওই নারীর সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়।
পরে ওই নারী এইচ এম হোসেনসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে দোকানে আসেন। এ সময় হোসেন ম্যানেজারের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলেন এবং একপর্যায়ে তাকে গুলি করে হত্যার হুমকি দেন বলে ওই কর্মচারীর দাবি।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জনসমাগমপূর্ণ এলাকায় প্রকাশ্যে এমন হুমকির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের ব্যবস্থা নেয়, সেদিকেও নজর রয়েছে স্থানীয়দের।
অভিযোগের বিষয়ে জানতে এইচ এম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।