শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৩৭, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৬, ১২ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বসতবাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করার অপরাধে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তার বাড়ি থেকে প্রায় ৬ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এসআরবি-১১’র অপারেশন অফিসার রওনক এরফান খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মোবারক হোসেন ওই এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় মোবারকের বাড়িতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোবারক কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে তার বসতঘরের সীমানা প্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি জীবিত সবুজ রঙের গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি (প্রায় ৬ ফুট) এবং ডালপালা ও পাতাসহ এর মোট ওজন ৩ কেজি ২০০ গ্রাম।
এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে কৌশলে এই অবৈধ গাঁজা গাছ চাষাবাদের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।