নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

৪ শর্তে মুক্তি পেলেন নীট কনসার্নের পরিচালক ও নিরাপত্তা কর্মকর্তা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৭, ১২ নভেম্বর ২০২৬

৪ শর্তে মুক্তি পেলেন নীট কনসার্নের পরিচালক ও নিরাপত্তা কর্মকর্তা

সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের ভেতরে অবস্থিত শতবর্ষী দুর্গামন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নীট কনসার্নের পরিচালক মনির হোসেন মোল্লা এবং প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমকে হেফাজতে নিয়েছিল পুলিশ।

পরবর্তীতে মন্দির কমিটি ও মিল কর্তৃপক্ষের মধ্যে চারটি শর্তে সমঝোতা ও মুচলেকা স্বাক্ষরের পর বুধবার রাত ১২টায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) দুপুরে নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা এবং প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। দিনভর নানা নাটকীয়তার পর রাতে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে আপসনামা সম্পাদিত হয়।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মন্দিরের প্রধান ফটকে নতুন তালা লাগিয়ে পূজারিদের প্রবেশে বাধা এবং ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ ওঠে নীট কনসার্ন গ্রুপের লোকজনের বিরুদ্ধে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার সন্ধ্যায় গ্রুপের লোকজন ফটকের আগের তালা সরিয়ে নতুন তালা লাগিয়ে দেন। এ সময় পরিচালক মনির হোসেন মোল্লাসহ তাঁদের লোকজন মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দিলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।

বুধবার রাতে থানায় মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস ও লক্ষ্মীনারায়ণ কটন মিলসের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা আপসনামায় স্বাক্ষর করেন।

সমঝোতার মূল শর্তগুলো হলো, পরিচালনা ও নিরাপত্তা মন্দির কমিটির সভাপতি ও সদস্যরা নিয়মিত পূজা-অর্চনাসহ পরবর্তী সব কার্যক্রম পরিচালনা করবেন। এতে মিল কর্তৃপক্ষ বা তাদের লোকজন কোনো বাধা দিতে পারবেন না।

মিল কর্তৃপক্ষের নিজ খরচে আগামী দুই দিনের মধ্যে মন্দিরের সামনে একটি অস্থায়ী প্যান্ডেল নির্মাণ করে দিতে হবে। মন্দিরের বিদ্যুৎ-সংযোগ ও সিসিটিভি ক্যামেরা সব সময় সচল রাখতে হবে এবং প্রবেশপথের প্রধান ফটকের চাবি উভয় পক্ষের কাছে থাকবে।

মন্দিরের জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্থতায় মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।

আপসনামায় আরও উল্লেখ করা হয়, শত বছরের পুরোনো এই মন্দিরে স্থানীয় ৫০ থেকে ৬০টি পরিবার নিয়মিত পূজা-অর্চনা করে। কোনো পক্ষ সমঝোতার শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছিলেন, দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত জটিলতা এবং মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগটি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

পরবর্তীতে আপসনামা সম্পাদনের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, দুই পক্ষই আপস-মীমাংসায় পৌঁছেছে। কেউ কারও কাজে বাধা দেবে না এবং মন্দিরে নিয়মিত পূজা চলবে এমন শর্তে সমঝোতা হয়েছে। মুচলেকা নিয়ে আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন