শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:১৭, ১৬ নভেম্বর ২০২৬
নামে একটি উপজেলা কিন্তু কার্যক্রমে জেলার চেয়েও বৃহৎ পরিসর। পুরো উপজেলা জুড়ে প্রশস্ত রাস্তাঘাট, ব্রিজ, ফ্লাইওভার, মেট্রোরেলসহ নানামুখি মেগা প্রকল্প দৃশ্যমান এবং চলমান রয়েছে। মেগা প্রকল্পের ভীরে মেগা স্টাইলের রাজকীয় জীবন এই উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের। বলছি রূপগঞ্জ উপজেলার কথা।
উপজেলার একজন মাস্টার রোলে দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী মিজানুর রহমান মিজান। পেশায় একজন মাস্টার রোলে নিয়োগ প্রাপ্ত মালি। উপজেলার প্রাঙ্গন পরিষ্কার-পরিছন্ন রাখার দায়িত্ব তার।
কিন্তু সাবেক উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমানের বাচ্চাদের স্কুলে আনা-নেয়া, বাজার সদাই করার কাজে ব্যস্ত থাকেন দিনের অধিকাংশ সময়। আর বাস করেন উপজেলার সরকারি নন গ্যাজেটেডেট কোয়ার্টার নির্ঝর ভবনে।
একই ভবনে বসবাস করছেন পল্লী দারিদ্র্য বিমোচন অফিসের সহকারি হিসাব রক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম । তার বর্তমান কর্মস্থল নরসিংদীর জেলা। প্রায় তিন বছর পুর্বে রূপগঞ্জ থেকে বদলী হয়ে নরসিংদী জেলা অফিসে যোগদান করেন। অথচ নিয়ম বহির্ভুতভাবে থাকছেন রূপগঞ্জ উপজেলার সরকারি কোয়ার্টার।
খোঁজ নিয়ে জানা যায়, মিজানুর রহমান মিজানের নানার বাড়ি কিশোরগঞ্জে আর দাদার বাড়ি ময়মনসিংহ । পরিচয় গোপন করে রূপগঞ্জ উপজেলার নাগরিকের পরিচয়পত্র বানিয়ে ২৪ সালের ৫ই আগষ্ট পরবর্তী সময়ে মোটা অর্থের বিনিময়ে মালির চাকুরী নেন মিজান।
তারপর থেকেই পরিবার নিয়ে উপজেলার সরকারি কোয়ার্টার নির্ঝর ভবনের নিচতলার ফ্ল্যাটে বসবাস শুরু করেন। কোয়ার্টার নির্ঝর ভবনটি নন গ্যাজেটেড কর্মচারীদের বসবাসের জন্য বরাদ্দ। ফ্ল্যাটের প্রতি মাসে ভাড়া নির্ধারণ রয়েছে কমপক্ষে ৫০০০ হাজার টাকা। একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব অন্যদিকে বসবাসের কোয়ার্টার না পেয়ে ক্ষুদ্ধ কর্মচারীরা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, ২৪ সালের পরবর্তী সময়ে উপজেলার জুড়ে সিন্ডিকেট গড়ে তোলেন প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান।
প্রতিবাদ করলেই অন্যত্র ট্রান্সফারসহ নানামুখি হয়রানির শিকার হতো কর্মকর্তারা। দূর জেলার কর্মকর্তা কর্মচারীরা অফিসার্স কোয়ার্টারের জন্য কষ্ট করছে। অথচ নিয়ম বর্হিভুত ভাবে কোয়ার্টারে থাকছে মালি, অন্যত্র চাকুরী করা ব্যক্তিরা। তারা আরও বলেন, উপজেলা জুড়ে বিশাল জমি থাকা স্বত্তেও নির্মাণ হচ্ছে না সরকারি কোয়ার্টার। অথচ কোয়ার্টার নির্মান করা হলে সরকারি তহবিলে রাজস্ব বাড়তো।
জানা যায়, ২০২২ সালে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে রূপগঞ্জে যোগদান করেন আশিকুর রহমান। ২৪ সালের ৫ই আগষ্ট পরবর্তী সময়ে সাবেক ছাত্রদল কর্মী পরিচয়ে উপজেলা প্রশাসনের মধ্যে গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট।
শুরু করেন ফুটপাত বানিজ্য, দিবস উৎযাপনের নামে নিরব চাদাঁবাজি, প্রকল্প বরাদ্দের নামে পার্সেন্টিজ বানিজ্যসহ নানামুখি অনিয়ম। এসব অনিয়মের নিরব স্বাক্ষী হওয়ায় বিভিন্ন শ্রেনীর কর্মচারীদের দেয়া হয় নানাবিধ সুবিধা। দেয়া হয় নাম মাত্র মুল্যে কোয়ার্টারে থাকার মত সুযোগও।
মালি কর্মী মিজানুর রহমান মিজান বলেন, আমার নানার বাড়ি কিশোরগঞ্জ এবং দাদার বাড়ি ময়মনসিংহ। রূপগঞ্জে বাড়ি নেই তবে দীর্ঘদিন যাবৎ আমরা রূপগঞ্জে বাস করছি। আমাদের কাজের প্রয়োজনেই সরকারি কোয়ার্টারে থাকা হয়।
নরসিংদী জেলা পল্লী দারিদ্র্য বিমোচন অফিসের সহকারি হিসাব রক্ষন কর্মকর্তা আরিফুল ইসলামকে মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি।
রূপগঞ্জ উপজেলার সাবেক প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। আমার দুর্নাম করার জন্য স্বার্থান্বেশী মহল অপ্রচার চালাচ্ছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন শফি বলেন, এ বিষয়ে আমার জানা নেই তবে খোঁজ নিচ্ছি। এমনটা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।