শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০৬, ১৬ নভেম্বর ২০২৬
“কাবিং করবো, দেশ গড়বো”—এ স্লোগানে নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ স্কাউটসের ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে চার দিনব্যাপী এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম, মানবিকতা ও মানুষের সেবা করার মানসিকতা তৈরি হয়। ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে স্কাউটিংয়ের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, বন্দর উপজেলা স্কাউটসের সহ-সভাপতি জিয়াউল হাসান জিসু, সম্পাদক বদরুল আলম, কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়া শিক্ষক পংকজ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুমা বেগম।
চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরী ১৬ নভেম্বর শুরু হয়ে আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার শেষ হবে।