শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:১০, ১৭ নভেম্বর ২০২৬
ফতুল্লায় অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্য (চিপস) উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ‘দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট’ নামে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শহীদনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
হৃদয় রঞ্জন বণিক জানান, দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট নামের শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির কিছু পণ্যের অনুমোদন থাকলেও রিংস চিপস, ছুটি চিপস, ইস্টার চিপস, রিয়েল স্টার বারবিকিউ চিপস ও ইস্টার চিপস ক্রিসপি স্টিক উৎপাদনের অনুমোদন নেই।
এ ছাড়া পণ্যের মোড়কে হালাল সনদের লোগো ব্যবহার করা হলেও প্রতিষ্ঠানটির হালাল সনদ নেই বলে অভিযানে উঠে আসে। পাশাপাশি ভুয়া মান সনদ চিহ্ন ব্যবহার, ঠিকানাবিহীন নন-ফুড গ্রেড কালার ব্যবহার এবং চিপস ভাজার পর লেবেলবিহীন ও অপরিচ্ছন্ন অবস্থায় পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের পর পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।