নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

শুধু পাম্প স্থাপন নয়, ঘরে ঘরে নতুন পানির লাইন দেওয়া হবে

একটু ধৈর্য ধরবেন, পানির সমস্যার সমাধান হবে : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২৮, ১৭ নভেম্বর ২০২৬

একটু ধৈর্য ধরবেন, পানির সমস্যার সমাধান হবে : সাখাওয়াত

‎নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ ও বন্দরের দীর্ঘদিনের পানি সংকট সমাধানে ১ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় বন্দর, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জে মোট ৩০টি উন্নতমানের পাম্প স্থাপন করা হবে। পাশাপাশি প্রতিটি ঘরে নতুন পানির সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎‎মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের বিকল হয়ে যাওয়া চারটি পানির পাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

‎‎এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত পাম্পগুলো সংস্কার এবং আপাতত বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দেন তিনি।

‎‎পানি সংকটের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে দুঃখ প্রকাশ করে সাখাওয়াত হোসেন খান বলেন, “পানি মানুষের জীবনধারণের জন্য প্রধান একটি উপাদান। পানির সমস্যা হলে মানুষকে অনেক কষ্ট করতে হয়। এই এলাকার মানুষ পানি সমস্যায় ভুগছেন, এজন্য আমি দুঃখিত। আপনাদের সমস্যা মানে আমাদের সমস্যা। এটি সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।”

‎‎তিনি বলেন, ওই এলাকায় উন্নতমানের একটি নতুন পাম্প স্থাপনের জন্য স্থান নির্বাচন করা হয়েছে। তবে নতুন পাম্প স্থাপনে সময় লাগবে। এর আগ পর্যন্ত বর্তমান পাম্পটি সংস্কারের মাধ্যমে সচল করার চেষ্টা করা হবে। সেটি সম্ভব না হলে কয়েকটি সাবমারসিবল পাম্প বসিয়ে সাময়িকভাবে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।

‎‎প্রশাসক বলেন, “এই সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের। তবে ইনশাআল্লাহ আমরা এটি সমাধান করব। নতুন পাম্প স্থাপন না হওয়া পর্যন্ত সাধারণ পানি সরবরাহ স্বাভাবিক রাখতে যা যা করা দরকার, তা করা হবে।”

‎‎তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ও বন্দরের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), বাংলাদেশ সরকার ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ বিনিয়োগে ১ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসী উন্নতমানের পানি পাবেন এবং ঘরে ঘরে নতুন পানির লাইন স্থাপন করা হবে।

‎‎সাখাওয়াত হোসেন খান জানান, প্রকল্পের আওতায় বন্দরে ১০টি, সিদ্ধিরগঞ্জে ১০টি এবং নারায়ণগঞ্জে ১০টি মোট ৩০টি উন্নতমানের পাম্প স্থাপন করা হবে। এর মধ্যে জাপানি প্রযুক্তির উন্নতমানের পাম্পও থাকবে। নতুন পাম্প স্থাপনের জন্য দক্ষ ও অভিজ্ঞ ঠিকাদার প্রয়োজন হলেও উপযুক্ত ঠিকাদার না পাওয়ায় পুনরায় টেন্ডার আহ্বান করা হয়েছে।

‎‎তিনি বলেন, “এই পর্যন্ত ৭০টি সাবমারসিবল পাম্প বসানো হয়েছে। আগামীতে জাপান আরও ১৪৬টি পাম্প দেবে। সেগুলো আসতে কিছুটা সময় লাগবে। তাই এর মধ্যে স্থানীয়ভাবে প্রয়োজনীয় পাম্প কিনে মানুষের পানির সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।”

‎প্রশাসক আরও বলেন, নতুন প্রকল্প বাস্তবায়িত হলে শুধু পাম্প স্থাপন নয়, ঘরে ঘরে নতুন পানির লাইন দেওয়া হবে, যাতে পানির সঙ্গে ময়লা বা দূষিত পানি মিশে না যায় এবং নগরবাসী নিরাপদ ও উন্নতমানের পানি পান করতে পারেন।

‎‎স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা একটু ধৈর্য ধরবেন। ধৈর্য ধরলে ইনশাআল্লাহ আপনাদের পানির সমস্যার সমাধান হবে।”

‎‎পরিদর্শনকালে বন্দর থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন