নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

উজ্জ্বল ও ডাকাত দেলু বাহিনীর সন্ত্রাসী হামলায় কৃষকদলের সভাপতি আরমানসহ আহত ৭

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৯, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৭, ১৭ নভেম্বর ২০২৬

উজ্জ্বল ও ডাকাত দেলু বাহিনীর সন্ত্রাসী হামলায় কৃষকদলের সভাপতি আরমানসহ আহত ৭

নারায়ণগঞ্জ জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল ও দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাত বাহিনীর সন্ত্রাসী হামলায় ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ ৭ থেকে ৮ জন নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

‎‎হামলায় জুয়েল আরমানসহ কয়েকজন রক্তাক্ত জখম হয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজন ও সঙ্গে থাকা নেতাকর্মীরা। আহতদের মধ্যে জুয়েল আরমানের অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করা হয়েছে।

‎‎মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালতের বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে ইসদাইর রসুলবাগের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।

‎‎জুয়েল আরমানের সঙ্গে থাকা রাসেল জানান, তারা একটি মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে লিংক রোডের পশ্চিম পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পাশের একটি গলিতে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার আসামি দেলোয়ার ওরফে দেলু ডাকাতকে দেখতে পান তারা।

‎‎পরে তাকে আটক করতে গলিতে গেলে আগে থেকেই সেখানে অবস্থান করা দেলু, তার দুই ছেলে শামীম হাওলাদার ও জুয়েল হাওলাদারসহ ২০ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তির একটি দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন রাসেল।

‎‎তার দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড, গ্যাসের পাইপ ও মোটা কাঠের ডাসাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। তারা পাল্টা প্রতিরোধের চেষ্টা করলেও হামলাকারীর সংখ্যা বেশি হওয়ায় জুয়েল আরমান, কাউছার, ইব্রাহিম, সোহেলসহ ৭ থেকে ৮ জন আহত হন।

‎‎হামলার পেছনে নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন আহতদের সঙ্গে থাকা নেতাকর্মীরা। তাদের দাবি, দেলু উজ্জলের আশ্রয়ে ছিলেন এবং তাকে আটক করতে গেলে উজ্জলপন্থি লোকজন ও দেলুর লোকজন মিলে হামলা চালায়।

‎‎তবে অভিযোগ অস্বীকার করেছেন সিদ্দিকুর রহমান উজ্জল। তিনি বলেন, ঘটনাটি তার এলাকায় ঘটেছে। ওই সময় তিনি রাস্তা দিয়ে যাওয়ার পথে হামলার ঘটনা দেখতে পান এবং নিজে গিয়ে হামলাকারীদের কবল থেকে আহতদের উদ্ধার করেন।

‎‎এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, “বিষয়টি শুনেছি এবং জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন