নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১২:০১, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৮, ১৮ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মহাসড়কের সানারপাড় ইউটার্ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তবে ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী বা স্টাফ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে মো. লতিফের বাস গ্যারেজের ইউটার্ন সংলগ্ন রাস্তায় থ্রি স্টার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্কিং করা ছিল।

ভোররাত সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি সেখানে আসে। মুহূর্তের মধ্যেই তারা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু কাওসার জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা বাস মালিকের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা ওই বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্তকাজ চালিয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন