শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২০, ১৮ নভেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে গাছবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারি দীর্ঘ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা। সাড়ে ১০ ঘণ্টা পর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। পরে দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সড়কে ছড়িয়ে পড়া মালামাল সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
সালাম মিয়া নামের এক ভুক্তভোগী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, মেঘনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় আটকে ছিলাম। যানজট ছাড়ার কোনো লক্ষণ না দেখে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে বাড়ি ফিরে যাচ্ছি।
ঘটনাস্থলে দায়িত্বরত কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলে রাব্বি জানান, মধ্যরাতে ঘুমের ঘোরে একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডিভাইডারের ওপর তুলে দেন।
এতে ট্রাকের মালামাল সড়কে ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুপুর ১টার দিকে ট্রাক ও ছড়িয়ে পড়া মালামাল সরিয়ে নেওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।