নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বৃষ্টিতে ভিজে এমপি আজাদের নেতৃত্বে আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৮, ১৯ নভেম্বর ২০২৬

বৃষ্টিতে ভিজে এমপি আজাদের নেতৃত্বে আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

‎বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে মিছিলটি শুরু হয়। বৃষ্টিতে ভিজে মিছিলে অংশ নেন বিপুলসংখ্যক নেতাকর্মী। মিছিলটি আড়াইহাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
‎
‎মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, “আওয়ামী লীগকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর নয়। এখন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।” তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আর কোনো ছাড় দেওয়া হবে না।
‎
‎প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। সে কারণেই অনেক ছাড় দিয়েছেন। শান্তিতে থাকলে ভালো, না হলে আর কোনো ছাড় নয়। এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।”
‎
‎দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির কোনো নেতা আত্মীয়তা বা পরিচয়ের কারণে আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের চেষ্টা করবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
‎
‎মিছিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মোল্লা, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং স্টার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন