শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৪০, ২০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলস এলাকার ২২ একর জমির মধ্যে স্কুল, মসজিদ, মন্দির ও পোস্ট অফিসের জন্য সংরক্ষিত ৪ একর জমিতে কারও ব্যক্তিগত মালিকানা বা হক নেই।
তিনি ব্যবসায়ী জয়নাল আবেদীন মোল্লাকে ওই ৪ একর জমির বিষয়টি দ্রুত নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে সিটি কর্পোরেশনের উদ্যোগে সার্ভে করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য জমি নির্ধারণ করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়িতে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন পূজা মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, “আমি কিন্তু এইভাবে আসি নাই। আমি জেনে-বুঝে এবং ওপর থেকে জেনে তারপর এখানে এসেছি। এখানে কিছু বক্তার বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি।”
তিনি বলেন, ২২ একর জমির মধ্যে ৪ একর স্কুল, মসজিদ, মন্দির ও পোস্ট অফিসের জন্য সংরক্ষিত। এই সম্পত্তিতে জয়নাল আবেদীন মোল্লার কোনো হক বা মালিকানা নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাখাওয়াত বলেন, “আপনি ওই ২২ একরের মধ্যে ১৮ একর যেভাবে যা করার ইচ্ছা হয় করেন। আমি আপনার শত্রু নই, এখানে যারা এসেছে তারাও আপনার শত্রু নয়। আপনি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন—সেটা আমি চাই। কিন্তু মসজিদ, মন্দির, স্কুল ও পোস্ট অফিসের জায়গা আপনি নিয়ে নেবেন—এটা আমরা মেনে নেব না।”
তিনি আরও বলেন, “আমি প্রশাসক হিসেবে এবং যেহেতু বিএনপি এখন দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে, তারেক রহমান ও মহানগর বিএনপি—আমরা এটা মেনে নেব না।”
জয়নাল আবেদীন মোল্লার উদ্দেশে সাখাওয়াত বলেন, ২২ একরের মধ্যে ৪ একর কোন অংশে স্কুল, মসজিদ, মন্দির ও পোস্ট অফিসের জন্য দেওয়া হবে, তা দ্রুত নির্ধারণ করে দিতে। তিনি বলেন, নির্ধারণ করা না হলে সিটি কর্পোরেশনের সার্ভে টিম পাঠিয়ে এবং শহরের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ২২ একর জমি পরিমাপ করে ৪ একর জমির সীমানা নির্ধারণ করা হবে।
তিনি বলেন, “আপনাকে জিজ্ঞেস করার মতো কোনো কিছু নেই। তবে যেহেতু আপনি ২২ একরের মধ্যে ১৮ একর জায়গায় ব্যবসা করছেন, আপনি আপনার সেই ১৮ একরের মধ্যেই থাকেন। এই জায়গায় (সংরক্ষিত ৪ একর) হাত দিতে আসবেন না। সেটা আমরা মেনে নেব না।”
জয়নাল আবেদীন মোল্লাকে উদ্দেশ করে সাখাওয়াত আরও বলেন, “আপনি রাষ্ট্রীয় শক্তির কাছে কিছুই না। আপনি একজন ভালো ব্যবসায়ী, আপনি ব্যবসা করেন।
আমরা আপনাকেও সহযোগিতা দেব। সেটা ১৮ একরের মধ্যে দেব। কিন্তু এই চাহিদার মধ্যে হাত দিতে যাবেন না।”
পূজা মন্দিরের বিষয়ে তিনি বলেন, “আপনারা আপনাদের মন্দির করবেন, এখানে আপনারা প্রস্তুতি নেন। আমরা চাই না প্রতি বছর পূজা নিয়ে আপনাদের সঙ্গে কোনো বিরোধ হোক। সেটাও আমরা বরদাস্ত করব না।”
তিনি বলেন, যার যার নির্ধারিত জায়গায় সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হতে হবে। “ব্যবসায়ীরা ব্যবসা করবেন, পূজার জায়গায় পূজা হবে, স্কুলের জায়গায় স্কুল হবে, মসজিদের জায়গায় মসজিদ হবে এবং পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস হবে”—বলেন সাখাওয়াত।
এ সময় তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে মহামান্য উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। তিনি বলেন, “এটা একটি প্রতিষ্ঠিত বিষয়, যেটা মহামান্য উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে। আপনি তো আর উচ্চ আদালতের ঊর্ধ্বে না। জনগণ যেটা চায়, সেটার বিরোধিতা করা বোকামি।”
সবশেষে জয়নাল আবেদীন মোল্লার উদ্দেশে তিনি বলেন, “আপনারা বোকা নন, আপনারা অত্যন্ত চালাক ব্যক্তি। আপনারা বিষয়টি মাথায় নেবেন এবং সেটা মাথায় নিয়ে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সদস্য আরমান হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর,মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মনসহ লক্ষ্মীনারায়ণ কটন মিলসের বিভিন্ন শেয়ারহোল্ডার ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।