নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

চুনা জামাই শাওনের দৌরাত্ম্য : নাসিককে বৃদ্ধাঙ্গুলী

সিদ্ধিরগঞ্জে শতকোটি টাকার সৌন্দর্য বর্ধণ প্রকল্প বিনষ্ট করে ডিএনডি লেক পাড়ে রমরমা বাণিজ্য, ভোগান্তি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৫, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৪, ২১ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে শতকোটি টাকার সৌন্দর্য বর্ধণ প্রকল্প বিনষ্ট করে ডিএনডি লেক পাড়ে রমরমা বাণিজ্য, ভোগান্তি

সিদ্ধিরগঞ্জে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) লেক ও খালপাড়ের সৌন্দর্যবর্ধন প্রকল্পের জায়গা দখল করে একাধিক সিন্ডিকেটের রমরমা বাণিজ্যে বিনষ্ট হচ্ছে। লেকপাড়ের ওয়াকওয়ে ও ফাঁকা জায়গা দখল করে ভাসমান দোকান, খাবারের স্টল, নার্সারি এবং অস্থায়ী বাজার গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব দোকান থেকে নিয়মিত চাঁদা বা ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। ওই সিন্ডিকেটের মধ্যে অন্যতম একজন হলেন, জামাই শাওন। তিনি চিহ্নিত চুনা ব্যবসায়ী হযরতের মেয়ের জামাই।

শনিবার (২১ শে) নভেম্বর সরেজমিনে দেখা যায়, শাওন ক্ষমতার দাপটে নাসিককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১নং ওয়ার্ডের মক্কিনগর মাদ্রাসার সংলগ্ন ডিএনডি লেক পাড়ের সৌন্দর্য বর্ধন অংশ দখল করে গড়ে তুলেছেন অবৈধ রেস্টুরেন্ট। ডিএনডি খালের পাড়ের গ্রিল কেটে টিন ও কাঠ দিয়ে এই স্থাপনা নির্মাণ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, সিটি কর্পোরেশন কর্তৃক রোপণ করা গাছগুলো ধ্বংস করে শাওন এই দোকানটি নির্মাণ করেছেন। শুধু তাই নয়, স্থানীয়দের ভাষ্যমতে এই স্থাপনা ঘিরে মাদকসেবী ও বখাটেদের আনাগোনা ও আড্ডাবাজি বৃদ্ধি পেয়েছে, যা ইভটিজিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও বাড়িয়েছে।

অপরদিকে, পরিবেশ ও সৌন্দর্যহানি দোকানের বর্জ্য ও প্লাস্টিক সরাসরি লেকের পানিতে ফেলা হচ্ছে। এতে লেকের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে যার ফলে শতকোটি টাকার এই প্রকল্পটি কার্যত মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে।

দর্শনার্থীদের ভোগান্তি. ওয়াকওয়ে এবং বসার বেঞ্চগুলো দখলে যাওয়ায় সাধারণ মানুষ ও পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা হাঁটাচলার স্বাভাবিক পরিবেশ পাচ্ছেন না।

অন্যদিকে শাওন দম্ভোক্তি করে বলেছেন, সিদ্ধিরগঞ্জ পুলে তো অবৈধভাবে ডিএনডির লেকের পাড়ে স্থাপনা গড়ে উঠেছে সেগুলো ভাঙলে আমারটাও ভেঙে দেব।

তথ্যমতে, শাওন এই অবৈধ স্থাপনাটি ভাড়া দিয়ে ৫০ হাজার টাকা অগ্রিম নিয়েছেন এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভাড়া তুলছেন।

পর্যালোচনায় দেখাগেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসনিক নজরদারির অভাব. প্রকল্পের কাজ শেষ হওয়ার পর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উচ্ছেদ অভিযানের অভাবে দখলদারদের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে।

বর্তমান পরিস্থিতিতে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) লেক ও খালপাড়ের সৌন্দর্যবর্ধন প্রকল্পে জবরদখল ও অনিয়মের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বলছে, অবৈধ দখল, কার্যক্রম ও মাদকসেবিদের আনাগোনা থাকে তাহলে দোকান মালিক ও মাদকসেবিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

এবিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. এ্যাডভোকেট সাখাওয়াত হোসোনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভা.) মো. ‍নূর কুতুবুল আলমকে ফোন দিলে তিনি বলেন, সাখাওয়াত স্যারের নির্দেশনা আছে যেকোনো বিষয়ে উনার সাথে যোগাযোগ করার জন্য, উনি বক্তব্য দিবেন।

স্যার যদি আমাদের বলে দেন তাহলে উনার পক্ষে আমরা বক্তব্য দিবো। এসময় হয়তো স্যার ব্যস্ত রয়েছেন। আপনি উনাকে ম্যাসেজ দিয়ে রাখেন। ফ্রি হলেই আপনাকে ফোন দিবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন