শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৯:০৬, ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা-নারায়ণগঞ্জের সীমান্তবর্তী সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাইনবোর্ডের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত।
প্রত্যক্ষদর্শী রবিন দাস জানান, রাতে একটি অটোরিকশা থেকে ৩-৪ জন লোক এসে পার্কিংয়ে থাকা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়েন। এ সময় বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
বাসের মালিক রাসেল বলেন, তার স্টাফরা বাসটি রেখে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। তিনি জানতে পেরেছেন, একটি অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এতে তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা বলেন, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
রাত ১২টা ২০ মিনিটে খবর পাওয়ার পর সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের খবর তিনি পেয়েছেন।
তবে ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।