শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৯:৩৫, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪০, ২৩ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুটভর্তি একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ট্রাকে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে লিংক রোডে এ ঘটনা ঘটে।
এদিকে অগ্নিসংযোগের খবর পেয়ে এসআরবি-১১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) বিপ্লবের নেতৃত্বে দলটি ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা যায়, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে করে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম বটতলা এলাকার প্রান্ত এন্টারপ্রাইজের উদ্দেশে রওনা হন চালকরা।
রোববার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে সোমবার ভোর ৪টার দিকে তারা নির্ধারিত এলাকায় পৌঁছান। পরে স্টেডিয়ামের সামনে লিংক রোডের পাশে পাঁচটি ট্রাক পার্কিং করে চালকরা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন।
এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পাঁচটি ট্রাকের মধ্যে একটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আগুন ছড়িয়ে পড়লে পাশের ট্রাকের চালকরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
আগুনে পুড়ে যাওয়া ট্রাকের চালক মামুন জানান, তারা চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে করে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে রওনা হন। ভোর ৪টার দিকে এখানে পৌঁছে গাড়ি পার্কিং করে ভেতরে ঘুমিয়ে পড়েন।
পরে হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘুম থেকে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন। এরপর অন্য চালকদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
তার ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল বলে জানান তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় নৈশপ্রহরী কামাল হোসেন বলেন, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসেন। তাদের একজন চলন্ত মোটরসাইকেল থেকে পার্কিং করে রাখা ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন।
এরপর ট্রাকটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার
ট্রাকটিতে গার্মেন্টসের ওয়েস্টেজ জুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লাগে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, কারা কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।