নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলির অভিযোগ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:৪২, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৪, ২৩ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলির অভিযোগ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। 

এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

​রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রার্থী তায়েব শিকদারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। 

খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে নিজ বাড়িতে আসেন ছাত্রলীগ নেতা তায়েব শিকদার। বিষয়টি জানতে পেরে মৎস্যজীবী দল নেতা সামির হোসেন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব শিকদার সেখান থেকে পালিয়ে যান। পরে এ ঘটনার বিস্তারিত তুলে ধরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তায়েব।

​অভিযোগ উঠেছে, ওই ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় তায়েব শিকদারের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলযোগে সামির হোসেনের বাড়িতে গিয়ে তার মাকে গালিগালাজ করেন এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

যাওয়ার সময় তারা সামিরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

​ভুক্তভোগী সামির হোসেন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেনসহ কয়েকজন আমার বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড গুলি ছুড়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে।

তারা আমার বাবা-মাকেও হুমকি দিয়েছে। এর আগেও একবার আমার ওপর গুলি চালানো হয়েছিল। বিগত সরকারের আমলে আমি নির্যাতিত ছিলাম, বর্তমানেও চরম আতঙ্কের মধ্যে আছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে তায়েব শিকদার তা অস্বীকার করে বলেন, ‘সামির নিজেই একজন সন্ত্রাসী এবং তার কাছে অবৈধ পিস্তল রয়েছে।

আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার উদ্দেশ্যে সে নিজেই নিজের বাড়ি ভাঙচুর ও ফাঁকা গুলি ছুড়ে নাটক সাজিয়েছে।
 
পুলিশ সঠিক তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে।

​এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন