নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার ৫

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৪, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৬, ২৩ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকির হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায় মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার জাকির হোসেন (৪০) সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকদলের সাবেক নেতা জাকির হোসেন মোল্লা নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান সেন্টুর আপন ছোট বোনের জামাই। একই সঙ্গে বাদশা আহম্মেদ নামে আরেক ব্যক্তিও ওই বিএনপি নেতার আপন ছোট ভাই বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বিএনপি নেতা কামরুল হাসান সেন্টুর প্রভাব ও পরিচয় ব্যবহার করে জাকির মোল্লা ও বাদশা আহম্মেদ এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা, জমি দখল, বিচার-সালিশের নামে সাধারণ মানুষকে হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিএনপি নেতা কামরুল হাসান সেন্টু সাবেক এক প্রভাবশালী বিএনপি নেতার পরিচয় ও প্রভাব ব্যবহার করে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করেন। এ ছাড়া এলাকায় নতুন ভবন নির্মাণের পর সেগুলো উচ্চমূল্যে বিক্রির ক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার অন্যরা হলেন, সিদ্ধিরগঞ্জ হাউজিং ফকিরবাড়ী এলাকার মামুন গাজী (৩৮), আটি হাউজিং ফকিরবাড়ী এলাকার আমির হোসেন (৩৮), বাদশা আহম্মেদ (৩৫),আটি হাউজিং ভূমিপল্লী এলাকার হৃদয় হোসেন (২৭) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দাসের হাওলা এলাকার আমিনুল ইসলাম মুসা (৪১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন এবং মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদকসেবীদের শেল্টার দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন