নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস

বসতঘর ভাংচুরে ভুক্তভোগীদের পাশে অধ্যাপক মামুন মাহমুদ, নগদ সহায়তা প্রদান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৩৯, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪০, ২৪ নভেম্বর ২০২৬

বসতঘর ভাংচুরে ভুক্তভোগীদের পাশে অধ্যাপক মামুন মাহমুদ, নগদ সহায়তা প্রদান

সিদ্ধিরগঞ্জে হীরাঝিল এলাকায় সংঘটিত ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত শত শত নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক, হৃদয়বিদারক ও একটি বড় ধরনের ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করেন।

জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেন, বর্তমানে যারা জায়গার দখলে আছেন, তারাই এর মালিক এবং বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের চূড়ান্ত ফয়সালাই সবাইকে মেনে নিতে হবে।

কিন্তু বিচারাধীন বিষয়ে ব্যক্তিগতভাবে ভেকু (এক্সকাভেটর) নিয়ে এসে এভাবে ভাঙচুর করার অধিকার কারো নেই।

ঘটনাটি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে আসার পূর্বে তিনি জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলেছেন এবং প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

এই নির্মম ও অমানবিক ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের রাজনৈতিক বা সামাজিক পরিচয়, ধর্ম কিংবা জাত বিবেচনা না করে শুধুমাত্র অপরাধী হিসেবেই গণ্য করা হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজ দলের অবস্থান পরিষ্কার করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বর্তমান সরকার ও বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না। এমনকি দলের কেউ বা তিনি নিজেও যদি কোনো অপরাধ করেন, তবে তাকেও ছাড় দেওয়া হবে না। কোনো অপরাধীর দায় দল নেবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারের প্রতিনিধি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন তিনি।

এ সময় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতার কথা তুলে ধরলে তিনি তাদের অভয় দিয়ে বলেন, অপরাধীদের কাছে মাথা নত না করার জন্য এবং সাহস জোগাতেই তিনি ও বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে এসে দাঁড়িয়েছেন।

পরিশেষে, আইনের প্রতি আস্থা রেখে ধৈর্য ধারণ করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি রাস্তাঘাট বন্ধ করে মিছিল-মিটিং না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যেহেতু প্রশাসন ও তিনি নিজে ভুক্তভোগীদের পাশে আছেন, তাই আইনগতভাবেই এর কঠোর বিচার নিশ্চিত করা হবে।

এ সময় ঘটনাস্থলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন