নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায়

ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন সাখাওয়াত, দিবেন আইনি সহায়তা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:১৬, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:২১, ২৫ নভেম্বর ২০২৬

ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন সাখাওয়াত, দিবেন আইনি সহায়তা

সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। 

‎‎একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

‎‎এক বিবৃতিতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে একজন মানুষের বসতবাড়িতে এভাবে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। 

‎‎তিনি বলেন, “আমি অসহায় এই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা রাতের আঁধারে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

‎‎তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে একা থাকতে হবে না। তিনি তাদের পাশে রয়েছেন এবং প্রয়োজনীয় সব ধরনের আইনি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সহযোগিতা করবেন।

‎‎প্রসঙ্গত, গত সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকায় জয়নাল আবেদীনের একটি আধাপাকা বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। 
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাতে বাড়িটিতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

‎‎এদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় আয়োজিত তিন দিনব্যাপী ‘Exposure Visit, Horizontal Learning, Evaluation and Planning Workshop’-এ অংশ নিতে রাজশাহীতে অবস্থান করছেন।
‎
‎২৪ থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কর্মশালায় নগর উন্নয়ন, সিটি গভর্ন্যান্স, অভিজ্ঞতা বিনিময়, মূল্যায়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নিচ্ছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন