শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৭, ২৫ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে একটি পরিবারের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাৎক্ষণিক ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই অর্থ তুলে দেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।
সহায়তা প্রদানকালে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর জানান, পারিবারিক চিকিৎসার কারণে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তবে ঘটনার খবর পেয়ে তিনি গভীর উদ্বেগ ও মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন। লন্ডন থেকেই তিনি জেলা পুলিশ সুপার ও সিদ্ধিরগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
এ সময় রাকিবুর রহমান সাগর আরও বলেন, সাগর আরও বলেন, অপরাধী যেই হোক, দলের হোক বা দলের বাইরের, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনো দল হয় না। তিনি জানান, সংসদ সদস্য এ ঘটনায় খুবই মর্মাহত। চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করবেন।
ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা হচ্ছে উল্লেখ করে সাগর বলেন, ঘটনার পর সবার আগে বিএনপির নেতাকর্মীরাই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, সিসি ফুটেজ বিশ্লেষণ করে প্রত্যেকের মুখ চিহ্নিত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নিরাপত্তাহীনতার কথা জানালে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা পাহারা দেওয়ার আশ্বাস দেন সাগর। এ ছাড়া পরিবারটির প্রয়োজনে তিনি নারায়ণগঞ্জ আদালতের একজন আইনজীবী হিসেবে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন।