শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৭, ২৫ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেন বাদশার উপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগ উঠেছে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ সমর্থিত জয়নাল আবেদীন ফারুক ও তার বাহিনীর বিরুদ্ধে।
মিতালি মার্কেটের দোকানপ্রতি ১০ হাজার টাকা চাঁদা চওয়ার প্রতিবাদ করায় বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, মিতালি মার্কেটের ভেতরের অলিগলিতে অবৈধভাবে দোকানপাট বসিয়ে মার্কেটের পরিবেশ নষ্ট, মাদক ব্যবসায়ীচক্র গড়ে তোলা ও চোর ছিনতাইকারী গ্রুপ তৈরি করে অরাজকতা সৃষ্টি করছে জয়নাল আবেদীন ফারুক। তার এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় আমির হোসেন বাদশাকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছিলেন ফারুক ও তার বাহিনী।
এছাড়াও ফারুক মার্কেটের প্রতিদোকান থেকে ১০ হাজার টাকা করে চাঁদাদাবি করে। বিষয়টি জানতে পেরে আমির হোসেন বাদশা বেলা সাড়ে ১১ টার দিকে ফারুক কেন চাঁদাদাবি করছে তার কারণ জানতে চায়। তখন ফারুক কোন উত্তর না দিয়ে চলে যায়।
এর প্রায় আধাঘন্টা পর ফারুকের নেতৃত্বে জয়নাল হাজারী (৩৮), নাজমুল (৪০), মার্কেটের ৩ নং ভবনের ফারুক(৩৮), আব্দুল হাসান ওরফে ইয়াবা হাসান (৩৬), হাসান ওরফে লম্বা হাসান(৩৯), মনির হোসেন ওরফে কলার মনির (৩৯), ওসমান গণি ওরফে ইয়াবা ওসমান (৩৮), মাসুদুল হক(৫২), লিটন ও আব্দুর রহিম ওরফে কলার রহিমসহ অজ্ঞাত আরো ৩০ থেকে ৩৫ জনের একটি দল মার্কেটের মিলেতার স্টক লডের দোকানের ভেতরে প্রবেশ করে আমির হোসেন বাদশার উপর হামলা ও মারধর করে।
এতে বাদশা গুরুতর আহত হয়। এসময় হামলাকারীরা দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট ও ক্যাশ থেকে নগদ ২ লাখ ২৭ হাজার টাকা ও বাদশার সঙ্গে থাকা একটি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়।
মার্কেটের ব্যবসায়ীরা জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জয়নাল আবেদীন ফারুক মিতালি মার্কেটে আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে। সে সময় মার্কেটে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ফারুক ও তার বাহিনী।
দেশের পটপরিবর্তনের পর ফারুকের বিরুদ্ধে একাধিক মামলা হলে তিনি এলাকা ছেড়ে আত্নগোপন করেন। কয়েক মাস আগে এলাকায় ফিরে এসে তার আগের বাহিনীকে সক্রিয় করে আবার মার্কেটের আধিপত্য বিস্তার করার অপচেষ্টা চালায়। ফলে আতঙ্কিত হয়ে উঠে মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা।
মিতালি মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা বলেন, আওয়ামী লীগের দোসর সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় করা হত্যাসহ একাধিক মামলার আসামি জয়নাল আবেদীন ফারুক দোকানদারদের কাছে চাঁদা দাবি করে। আমি এর প্রতিবাদ করায় আমার উপর হামলা করেছে। বর্তমানে আমি চিকিৎসাধিন আছি। সুন্ত হয়ে ফারুক ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করবো।
এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাল হককে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।