শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৩৬, ২৭ নভেম্বর ২০২৬
চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত। ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে সোনারগাঁ উপজেলার পশ্চিম সনমান্দী আল ফোরকান মডেল স্কুলে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। সকাল থেকেই সেখানে চিকিৎসাসেবা নিতে আসেন স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিক্ষার্থীরা। রোগীদের শারীরিক সমস্যা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, অর্থনৈতিক অসচ্ছলতা ও নানা সীমাবদ্ধতার কারণে অনেকেই নিয়মিত চিকিৎসকের কাছে যেতে পারেন না। বিশেষ করে গ্রামের দরিদ্র মানুষের জন্য চিকিৎসকের এমন উদ্যোগ স্বস্তির কারণ হয়ে উঠেছে।
ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, ‘অনেক মানুষ আছেন, যাঁরা আর্থিক সংকট কিংবা নানা কারণে সময়মতো চিকিৎসা নিতে পারেন না। তাঁদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার চিন্তা থেকেই এ উদ্যোগ নিয়েছি। মানুষের পাশে দাঁড়ানো এবং অসুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আমার উদ্দেশ্য। সামর্থ্য অনুযায়ী এ কার্যক্রম চালিয়ে যেতে চাই।’
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, ‘এখানে এসে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়েছি। হাসপাতালে যেতে হলে সময় ও টাকা খরচ হতো। চিকিৎসক নিজেই এলাকায় এসে সেবা দেওয়ায় আমাদের মতো সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।’
আরেক সেবাগ্রহীতা বলেন, ‘এ ধরনের উদ্যোগ আমাদের এলাকার মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। বিশেষ করে যাঁদের চিকিৎসা করানোর সামর্থ্য কম, তাঁরা এতে উপকৃত হচ্ছেন। আমরা চাই, এ কার্যক্রম অব্যাহত থাকুক।’
চিকিৎসকের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে প্রান্তিক পর্যায়ের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।